ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মব সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী সাকি

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাকি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


সাকি বলেন, “আমরা দেখেছি ৫ অগাস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পরে একদল ‘মব’ সৃষ্টি করছে, জবরদস্তি কায়েম করে নিজেদের মত চাপিয়ে দিচ্ছে। এইটার পেছনে একটা রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে বা হাওয়া দিচ্ছে।”


তিনি বলেন, “যারা এখানে চিৎকার করে, ফেইসবুকে গালাগালি করে, তাদের পক্ষে আমরা দেখি আবার বিরোধী দলের মঞ্চ থেকে কথা বলা হয়। তাইলে এই যোগাযোগটা পরিষ্কার না? কারা ‘মব’ তৈরিতে আজকে সাহায্য করছে? তারা এইরকম পরিস্থিতি তৈরি করে নিজেদের ফায়দা তুলতে চায়।”


সাকি বলেন, “রাজনীতি ঠিক, আন্দোলন-সংগ্রাম, রাজপথে বক্তৃতা দেওয়া- সেটা আপনাদের অধিকার। কিন্তু ‘মব’ সৃষ্টি করে কারা? বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলবে। জনগণের সার্বভৌমত্ব কায়েম হবে এবং জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করবেন।”


তিনি আরও বলেন, “যারা অন্য কোনো মতবাদ চাচ্ছেন, জনসার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের কোনো রকম মতবাদকে আমরা সফল হতে দেব না।”


সাকি বলেন, “আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, দেশ ছেড়ে তারা পালিয়েছে। এই দেশে অন্য কোনো কিছুর নামে, ধর্মের নামে কিংবা নিজেদের বয়ানের নামে যদি ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাদেরও এই চেষ্টা আমরা সফল হতে দেব না।”


সমালোচনার বিষয়ে তিনি বলেন, “ভুল হলে আপনারা সমালোচনা করার অধিকার রাখেন। কিন্তু মতলববাজি, বাস্তবতার গায়ে মিথ্যার ফানুস ঢেলে যারা কেবলমাত্র ফায়দা তুলতে ব্যস্ত আছে, তাদের সম্পর্কেও জনগণকে সতর্ক থাকতে হবে।”


রাজনৈতিক অধিকার প্রসঙ্গে সাকি বলেন, “রাজনৈতিক মতপথ ভিন্ন হতে পারে। কাজেই রাজনৈতিক অধিকার রাষ্ট্রে আছে। তারা সভা করবেন, লংমার্চ করবেন, বক্তব্য রাখবেন। কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে জনগণকে- কে কী বলছে, কী উদ্দেশ্যে বলছে, কী ফায়দা তোলার জন্য বলছে এবং কার মতবাদ কী আছে।”


তিনি বলেন, “একটা সচেতন রাজনৈতিক জনগোষ্ঠী যদি থাকে, তাহলে সেই দেশে কোনো অপশক্তি আর ভর করতে পারে না।”


অনুষ্ঠানে সাকি বলেন, ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের উন্নয়ন হলে বাঞ্ছারামপুর ও নবীনগরে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। পাশাপাশি কুমিল্লার কয়েকটি উপজেলাতেও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, রফিক সিকদার ও জিয়াউদ্দিন জিয়া উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page